ঘুষ গ্রহণের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হির সাত বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হি’কে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছেন সিউলের একটি আদালত। স্বামী প্রেসিডেন্ট ইউন সুক ইওল ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে বিলাসবহুল সামগ্রী ও ঘুষ গ্রহণের দায়ে শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, কিম তার রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে বিভিন্ন সরকারি চাকরি ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে নির্দ্বিধায় উপঢৌকন গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

আদালত কিম কিয়ন হি’কে ৬ কোটি ৪৮ লাখ ওন বা প্রায় ৪২ হাজার মার্কিন ডলার জরিমানাও করেছেন। একই সঙ্গে ঘুষ হিসেবে গৃহীত সমস্ত বিলাসবহুল সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারক চো সুন-পিও রায়ে উল্লেখ করেন, ফার্স্ট লেডির পদমর্যাদাকে পুঁজি করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তবে কিম তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

কোরিয়া জুংআং ডেইলি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এক নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে কিম প্রায় ১০ কোটি ওন বা ৬৪ হাজার ৭৫০ মার্কিন ডলার মূল্যের অলঙ্কার গ্রহণ করেছিলেন। এছাড়া এক যাজকের কাছ থেকে ডিওর ব্র্যান্ডের হাতব্যাগ এবং বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের সুবিধার বিনিময়ে উপহারসামগ্রী গ্রহণের প্রমাণও আদালতের নথিতে উঠে এসেছে। এমনকি এক সাবেক সরকারি কৌঁসুলির কাছ থেকে বিখ্যাত শিল্পী লি উফানের চিত্রকর্ম এবং ন্যাশনাল এডুকেশন কমিশনের সাবেক প্রধানের কাছ থেকে সোনালী কচ্ছপের প্রতিকৃতি গ্রহণের অভিযোগও প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, স্টক কারসাজি ও ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ গ্রহণের দায়ে এপ্রিলে চার বছরের কারাদণ্ড পেয়ে বর্তমানে কারাভোগ করছেন কিম। অন্যদিকে, তার স্বামী ও দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর মাধ্যমে সামরিক আইন জারির প্রেক্ষাপট তৈরি এবং বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে অভিশংসিত হয়ে ২০২৫ সালে তিনি ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার থাকাকালীন কিমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তে বিরোধী দলের প্রস্তাবিত তিনটি বিলের ওপর ভেটো দিয়েছিলেন ইউন সুক ইওল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%