দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিসহ সব ধরনের নৌ-চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার সকাল থেকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

নদী উত্তাল থাকায় এবং প্রতিকূল পরিস্থিতির কারণে নলচিরা ঘাট থেকে সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী কোনো ট্রলার ছেড়ে যেতে পারেনি। গন্তব্যে পৌঁছানোর আশায় সকাল থেকেই শত শত যাত্রী ঘাট এলাকায় ভিড় করলেও নৌযান চলাচল বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করার প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়া-চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাট রুটে সরকারি সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%