আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গ্যাস নিঃসরণ, সতর্কতায় ক্যাপসুলে আশ্রয় নিলেন চার নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ক্রমাগত বাড়তে থাকা বায়ু নিঃসরণ বা বাতাসের ছিদ্র মেরামতের জন্য রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস বিশেষ উদ্যোগ নেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চার নভোচারীকে মহাকাশযানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। শুক্রবার এই জরুরি নির্দেশনার মাধ্যমে সংশ্লিষ্ট নভোচারীদের ‘ড্রাগন’ মহাকাশযানে অবস্থান নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, মহাকাশ স্টেশনের রাশিয়ান অংশের ‘জভেজদা’ সার্ভিস মডিউল টানেলে বেশ কিছু দিন ধরেই ফাটল ও বায়ু নিঃসরণের ঘটনা ঘটছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর রসকসমস শুক্রবার এই ছিদ্রগুলো মেরামতে একটি বড় ধরনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

নিরাপত্তার খাতিরে ক্রু-১২ মিশনের চার সদস্যসহ নাসার নভোচারী ক্রিস উইলিয়ামসকে মেরামত কাজ চলাকালীন স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাকাশ স্টেশনে বর্তমানে সাতজন নভোচারী অবস্থান করছেন এবং বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত রয়েছেন।

১৯৯৮ সালে যাত্রা শুরু করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডার পাঁচটি মহাকাশ সংস্থার সম্মিলিত উদ্যোগে পরিচালিত হয়। তবে এর দৈনন্দিন কার্যক্রমের সমন্বয় সাধনের মূল দায়িত্বে রয়েছে নাসা এবং রসকসমস। রাশিয়ার পক্ষ থেকে মেরামত কার্যক্রম সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বাড়তি সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%