২০২৬ বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে মানবাধিকার নিয়ে সতর্কতা, বিদেশি দর্শকদের ভ্রমণ পরামর্শ

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি দর্শক, খেলোয়াড় ও সাংবাদিকদের জন্য মানবাধিকার পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন , অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ১২০টিরও বেশি নাগরিক সমাজ সংগঠন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রকাশিত ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং ফিফা, আয়োজক শহর ও মার্কিন সরকারের পক্ষ থেকে দর্শকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পর্যাপ্ত নিশ্চয়তা না থাকায় বিশ্বকাপ ভ্রমণকারীদের সতর্ক থাকা উচিত।

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এতে ৫০ লাখ থেকে ১ কোটি দর্শক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংগঠনগুলো সতর্ক করেছে, বিদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভিসা প্রত্যাখ্যান, আটক, গ্রেপ্তার বা নির্বাসনের ঝুঁকি রয়েছে। সীমান্ত কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং অভিবাসন নীতির কঠোরতার বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে অংশ নেওয়া ইরান ও হাইতি যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আইভরি কোস্ট ও সেনেগালের ওপরও আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দেওয়ার নিয়ম রয়েছে।

নাগরিক সমাজের সংগঠনগুলো আরও আশঙ্কা প্রকাশ করেছে, বিশ্বকাপ চলাকালে অভিবাসন অভিযান, জাতিগত প্রোফাইলিং, প্রতিবাদ দমন এবং রাজনৈতিক মতপ্রকাশের কারণে অ-মার্কিন নাগরিকদের হয়রানি করা হতে পারে। বিশেষ করে ফিলিস্তিনি অধিকার সমর্থনকারী কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপের কথাও তারা উল্লেখ করেছে।

অভিবাসন আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়েও সতর্ক করা হয়েছে। সংগঠনগুলোর দাবি, এসব কেন্দ্রে অমানবিক আচরণ এবং মৃত্যুর ঝুঁকি রয়েছে।

তবে হোয়াইট হাউস এসব সতর্কতাকে ‘ভয়ংকর কৌশল’ বলে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত ক্রীড়া আয়োজনে পরিণত করা।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বিশ্বকাপ ভ্রমণকারীদের ইলেকট্রনিক ডিভাইস নিরাপদ রাখা, জরুরি যোগাযোগের ব্যবস্থা রাখা এবং যুক্তরাষ্ট্রে নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%