দুর্নীতির অভিযোগে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ, সংস্কারের নির্দেশ রাষ্ট্রপতির

নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে যেন ভূমিকম্প বয়ে গেল। দুর্নীতির অভিযোগ এবং জাতীয় দলের টানা ব্যর্থতার দায়ে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম মুসা গুসাউ তার পদ থেকে পদত্যাগ করেছেন। রাজধানী আবুজায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুসাউ নিজেই এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তার পাশাপাশি ফেডারেশনের বোর্ডের বেশ কয়েকজন সদস্যও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে। নির্বাচনের মাত্র এক মাস আগে গুসাউয়ের এমন সিদ্ধান্ত নাইজেরিয়ার ফুটবলে এক বড় ধরনের সংকট তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়া ফুটবল ফেডারেশন বর্তমানে দেশটির গোপন পুলিশ বাহিনী বা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের তদন্তের মুখে রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালে সরকারি খাত থেকে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বকেয়া পাওনা পরিশোধের জন্য পাওয়া ১৭ বিলিয়ন নাইরা বা প্রায় ১২.৭ মিলিয়ন ডলারের সঠিক ব্যবহার হয়নি। যদিও গুসাউ নিজের রেকর্ডকে রক্ষার চেষ্টা করে ব্যর্থতার জন্য দেশের অর্থনৈতিক মন্দা এবং বৈদেশিক মুদ্রার অস্থিরতাকে দায়ী করেছেন। তবে তিনি বিদায়বেলায় অ্যাডিডাসের সঙ্গে একটি নতুন চুক্তির কথা জানিয়েছেন, যার মাধ্যমে প্রতি বছর ৪.৫ মিলিয়ন ডলারের নগদ অর্থ সহায়তা পাবে ফেডারেশন।
গুসাউয়ের পদত্যাগের পরপরই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু দেশটির ফুটবল প্রশাসনের আমূল সংস্কারের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া উপদেষ্টা বায়ে ওনানুগার মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ফুটবলের দীর্ঘস্থায়ী কাঠামোগত দুর্বলতা দূর করতে সুশাসন, প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। মূলত নাইজেরিয়ার ফুটবলের গভর্নিং বডিতে দীর্ঘকাল ধরে চলা দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরকার এমন কঠোর অবস্থান নিয়েছে।
জাতীয় দলের খেলোয়াড় ও কোচদের বারবার বকেয়া ভাতা নিয়ে প্রতিবাদের ঘটনা নাইজেরিয়ান ফুটবলের নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সুপার ফ্যালকনসের ২০২৭ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতা আগুনে ঘি ঢেলেছে। দশবারের নারী আফ্রিকা কাপ অব নেশনস বিজয়ী দলটি এ বছরের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবং প্লে-অফে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ১৯৯১ সালে নারী বিশ্বকাপের যাত্রা শুরুর পর এই প্রথম নাইজেরিয়া আসরটিতে জায়গা করে নিতে ব্যর্থ হলো। একইসঙ্গে পুরুষদের জাতীয় দল সুপার ঈগলসও সর্বশেষ দুটি বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পায়নি।
