Advertisement

এনএফএল ইতিহাসে রেকর্ড ৯৬০ কোটি ডলারে সিয়াটল সিহকস কিনলেন খোসলা পরিবার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের মালিকরা সর্বসম্মতিক্রমে সিয়াটল সিহকস বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন। খসলা পরিবারের নেতৃত্বে একটি মালিকানাধীন গ্রুপের কাছে ৯.৬ বিলিয়ন ডলারে এই ফ্র্যাঞ্চাইজিটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এনএফএল-এর ইতিহাসে সর্বোচ্চ বিক্রয়মূল্যের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। উত্তর আমেরিকার ক্রীড়া ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ভ্যালুয়েশন। এর আগে গত বছর লস অ্যাঞ্জেলেস লেকার্স ১০ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, যার বর্তমান মূল্যায়ন ১২.৫ বিলিয়ন ডলার।

১১ জুলাই বিক্রয় চুক্তির ঘোষণা আসার পর বুধবার আটলান্টায় মালিকদের বিশেষ সভায় এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রয়াত মালিক পল অ্যালেনের ইচ্ছানুসারে এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে মৃত্যুর পর পল অ্যালেনের এস্টেট দলটির দায়িত্ব নেয় এবং তাঁর অসিয়ত অনুযায়ী দল বিক্রির লব্ধ অর্থ বিভিন্ন দাতব্য সংস্থায় বিতরণের কথা ছিল। অন্তত ৩২ জন মালিকের মধ্যে ২৪ জনের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও, এনএফএল-এর অর্থ ও মালিকানা বিষয়ক কমিটির সর্বসম্মত সুপারিশের পর এই অনুমোদন ছিল প্রত্যাশিত।

বিজ্ঞাপন

নতুন মালিক বিনোদ খসলা তাঁর স্ত্রী নিরু এবং পুত্র নীলকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুপার বোল জয়ী একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে পারা অত্যন্ত ভাগ্যের বিষয়। অ্যালেন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তাদের মূল লক্ষ্য হলো জয়ের ধারা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। বিনোদ খসলা সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা এবং খসলা ভেঞ্চারসের কর্ণধার। সংবাদ অনুযায়ী, নিরু খসলা এই ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রক মালিক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের পুত্র নীলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

এনএফএল কমিশনার রজার গুডেল এই লেনদেনকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেছেন। সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্সের লিমিটেড পার্টনার হিসেবে খসলা পরিবারের পূর্ব অভিজ্ঞতা এনএফএল মালিকদের মুগ্ধ করেছে। নিয়ম অনুযায়ী, সিহকস কেনার অংশ হিসেবে বিনোদ খসলাকে ফোর্টি নাইনার্সের ৩.১ শতাংশ শেয়ার ছেড়ে দিতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ডিফেন্ডিং সুপার বোল চ্যাম্পিয়নদের নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এই মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গত সুপার বোলে সিহকস ২৯-১৩ স্কোরে প্যাট্রিয়টসকে পরাজিত করে শিরোপা জিতেছিল।

১৯৯৭ সালে কেন বেরিংয়ের কাছ থেকে মাত্র ১৯৪ মিলিয়ন ডলারে পল অ্যালেন সিহকস কিনেছিলেন। সিয়াটলভিত্তিক এই দলকে টিকিয়ে রাখতে তাঁর অবদান অনস্বীকার্য। নতুন মালিক বিনোদ খসলা, যিনি ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর থেকে পিটসবার্গ স্টিলার্সের দীর্ঘদিনের সমর্থক, এখন সিহকসের ভবিষ্যৎ সাফল্যের জন্য নতুন করে স্বপ্ন দেখছেন।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%