Advertisement

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটের প্রস্তুতি ও সুবিধা নিয়ে ধোঁয়াশা কাটানোর আশ্বাস জাপানের

২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটের অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও আয়োজকদের দাবি, সীমাবদ্ধ সময়ের মধ্যেও সর্বোচ্চ মান নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদন অনুযায়ী, আয়োজক কমিটির হাতে প্রস্তুতির জন্য সময় ছিল মাত্র ১৭ মাস। আইচি প্রিফেকচারে আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট ভেন্যু না থাকায় একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে সংশ্লিষ্টদের। এমন প্রতিকূল পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইচি-নাগোয়া এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি যৌথভাবে উপযুক্ত মাঠ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স মিয়াজি জানিয়েছেন, সময়ের সীমাবদ্ধতা থাকলেও মাঠের পিচ এবং আউটফিল্ড এশিয়ান গেমসের ইতিহাসে সেরা হতে যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেটের কিউরেটরদের সহায়তায় এখানে টারফ ও হাইব্রিড পিচ প্রস্তুত করা হয়েছে। যদিও ড্রেসিংরুমের অস্থায়ী প্রকৃতি এবং পিচ নিয়ে সংশয় রয়েছে, তবে মিয়াজির দাবি, গত এক বছর ধরে মাঠের স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো নিয়ে কাজ চলছে যাতে খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা যায়। খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা এবং মাঠের আশপাশে স্থায়ী অবকাঠামো ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

থাকার ব্যবস্থা নিয়েও নিশ্চিন্ত করেছেন মিয়াজি। তিনি জানান, ক্রিকেট দলের জন্য হোটেল আবাসনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অন্যান্য খেলার অনেক অংশগ্রহণকারীকে সীমিত সুবিধার জায়গায় বা প্রমোদতরীতে থাকতে হচ্ছে। দলগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায়ও থাকার সুযোগ পাবে। গেমসের ক্রিকেট ইভেন্ট ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এর আগে জাপানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, টুর্নামেন্টকে সফল করতে এবং নতুন দর্শক টানতে সব পক্ষই সমন্বিতভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

ক্রিকেটকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিভিন্ন স্কুল ও শপিং সেন্টারে ক্রিকেট নিয়ে প্রচার চালানো হয়েছে, যা স্থানীয়দের মাঝে দারুণ সাড়া ফেলেছে। নিসিন সিটির পূর্ণ সমর্থন পাওয়ায় আয়োজকরা আশাবাদী যে, স্থানীয় জনসমর্থন এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এশিয়ান গেমসে ক্রিকেট অন্যতম বড় ইভেন্ট হিসেবে গণ্য হচ্ছে এবং জাপানে এশিয়ার শীর্ষ দলগুলোর অংশগ্রহণ নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%