নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে অ্যালেন ফার্গুসন সাইফার্ট ও মিল্ন বিশ্বকাপের মিশনে প্রস্তুত কিউইরা

নিউজিল্যান্ড ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্যাজুয়াল চুক্তিতে জায়গা করে নিয়েছেন মারকুটে ব্যাটার ফিন অ্যালেন, গতির ঝড় তোলা লকি ফার্গুসন, উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্ট এবং পেসার অ্যাডাম মিলনে। মূলত সাদা বলের এই চার বিশেষজ্ঞকে আসন্ন ভারত সিরিজের কথা মাথায় রেখেই দলে রাখা হয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠেয় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার এই দীর্ঘ সিরিজে ৫টি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ দিনব্যাপী এই লড়াইয়ে কিউইদের পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন এই চার তারকা। একই সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকেও সামনে রেখে তাদের ওপর আস্থা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
গত মেয়াদে ক্যাজুয়াল চুক্তিতে থাকা কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তালিকায় নেই। জেমস নিশাম ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, অন্যদিকে ডেভন কনওয়ে ও ব্লেয়ার টিকনার জুনে ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরে এসেছেন। নির্বাচক গ্যাভিন লারসেন এই চার খেলোয়াড়কে দলে স্বাগত জানিয়ে বলেন, এই ক্রিকেটারদের ম্যাচ জেতানোর ক্ষমতা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অর্জিত অভিজ্ঞতা কিউইদের জাতীয় দলের ড্রেসিংরুমে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে এই চার তারকা মেজর লিগ ক্রিকেটের মাঠ মাতাচ্ছেন। টিম সাইফার্ট সিয়াটল ওরকাস, ফিন অ্যালেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, লকি ফার্গুসন ওয়াশিংটন ফ্রিডম এবং অ্যাডাম মিলনে টেক্সাস সুপার কিংসের জার্সিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জের আগে এমন প্রতিযোগিতামূলক ম্যাচগুলো তাদের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে কাজ করছে।
উল্লেখ্য যে, এর আগে জুন মাসে ঘোষিত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, মিচ হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং। বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখতে কিউই বোর্ড এবার কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি এই চার ক্যাজুয়াল চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নিয়ে সুদূরপ্রসারী ছক সাজাচ্ছে।
