দিল্লি ক্যাপিটালসে ঘরে ফিরছেন ঋষভ পন্ত লখনউয়ের সঙ্গে বড় অদলবদলে কুলদীপ দল ছাড়ছেন কোচিং প্যানেলে যুবরাজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত আসরের রেশ কাটতে না কাটতেই দলবদলের বাজারে বড়সড় পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকবাজের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত তার পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসে ফিরে আসছেন। দিল্লির নতুন ব্যবস্থাপনা পর্ষদের অধীনে দল সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য দিল্লির ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে যাওয়া পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপ লখনউ সুপার জায়ান্টসের সাথে খেলোয়াড় অদলবদলের এই সমঝোতা চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় লখনউয়ের ডেরায় যোগ দেবেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। দিল্লি ও উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই দুই তারকার জন্য এই অদলবদল এক অর্থে ঘরে ফেরার মতোই। পন্তকে দলে ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল তার ২৭ কোটি রুপির বিশাল পারিশ্রমিক। শেষ পর্যন্ত পন্ত নিজেই বেতন কমানোর প্রস্তাবে রাজি হয়েছেন। জানা গেছে, তিনি প্রায় ১৫ কোটি রুপিতে খেলতে সম্মত হয়েছেন, যেখানে কুলদীপের পারিশ্রমিক ১৩ দশমিক ২৫ কোটি রুপিই থাকছে।

লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে থাকাকালীন পন্তের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিল না ফ্র্যাঞ্চাইজিটি। টানা দুই মৌসুম দলের হতাশাজনক পারফরম্যান্স এবং পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লির হয়ে ১১১টি ম্যাচ খেলা পন্ত দীর্ঘ সময় দলের কান্ডারি ছিলেন। তবে জিএমআর গ্রুপের সাথে মতবিরোধের কারণে তাকে মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। জেএসডব্লিউর পার্থ জিন্দাল শুরু থেকেই পন্তের বড় ভক্ত হওয়ায় তাকে ফেরাতে মূল ভূমিকা পালন করেছেন। যদিও পন্তের নেতৃত্বে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে এই চুক্তির নথিপত্র চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসআইয়ের কাছে পাঠানো হয়েছে।

শুধু খেলোয়াড় বদল নয়, দিল্লির কোচিং প্যানেলেও আসছে বড় পরিবর্তন। সৌরভ গাঙ্গুলি দলের ক্রিকেট বিষয়ক প্রধান হিসেবে ফিরে আসায় কোচিং স্টাফে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। সৌরভের আগমনে গত দুই মৌসুম দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হেমং বাদানির ভূমিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লি ষষ্ঠ স্থান অর্জন করলেও আসরের দ্বিতীয়ার্ধে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। নতুন নেতৃত্বে এবার শিরোপার লড়াইয়ে ফেরার অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%