AdvertisementAdvertisement

ক্রিকেটে নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ: অনুর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন রিয়াদ

দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হওয়ার পরপরই তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবং বর্তমানে কেবল ঘরোয়া ক্রিকেটে সক্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ তরুণ ক্রিকেটারদের পরামর্শদাতা হিসেবে নিজের কোচিংয়ের পথ খোলা রেখেছেন বলে আগে থেকেই শোনা যাচ্ছিল।

Advertisement
বিজ্ঞাপন

বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের হয়ে তার দায়িত্ব শেষ হলেই মাহমুদউল্লাহ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হবেন।

ফাহিম সিনহা ক্রিকবাজকে বলেন, “ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলে মাহমুদউল্লাহ বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে যোগ দেবেন। যখন দল ঘোষণা করা হবে, তখন তাকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে।”

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “তিনি খেলোয়াড়দের পরামর্শ দেবেন। এখানে আলাদা কোচিং স্টাফ থাকলেও আমরা তাকে কিছুটা যুক্ত করতে চাই এবং দেখতে চাই পুরো সিস্টেম সম্পর্কে তার কোনো পর্যবেক্ষণ আছে কিনা। তিনি উন্নতির জন্য পরামর্শ দিতে পারবেন।”

বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ড তাকে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যুক্ত করার বিষয়েও বিবেচনা করছে, যা এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এসেছে। সিনহা আরও উল্লেখ করেন, “আমরা কিছুটা পুনর্গঠন করছি। আমরা গেম ডেভেলপমেন্টের বয়স ২৩ পর্যন্ত বাড়াচ্ছি, তবে তিনি মূলত কোচিং ও মেন্টরিং করবেন। তিনি কিছু বিষয় তদারকিও করবেন এবং খেলোয়াড়দের সাহায্য করবেন।”

অতীতে মাহমুদউল্লাহ বিসিবি আয়োজিত একটি বিশেষ ব্যাটিং কোর্সে অংশ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ অ্যাশলি রস এবং ইয়ান রেনশর পরিচালনায় তিন দিনের ওই কর্মসূচিতে প্রায় ১৫ জন ব্যাটিং কোচ উপস্থিত ছিলেন এবং সেখানে কোচিং দক্ষতা বিকাশের ওপর জোর দেওয়া হয়েছিল।

তখনই মনে হয়েছিল, মাহমুদউল্লাহ কোচিংয়ে প্রবেশের জন্য ভিত তৈরি করছেন এবং মেন্টর হিসেবে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটে তার অন্তর্ভুক্তি সেই পথে প্রথম ধাপ বলেই প্রতীয়মান হচ্ছে।

এদিকে, মাহমুদউল্লাহ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে তিনি এই মেন্টরিং ভূমিকাকে গ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেন, “এটা আমার জন্য অনেক সম্মানের, কারণ আমি যত বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য যা কিছু অর্জন করতে পেরেছি, আমার মনে হয় এবার বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এটাই মূল উদ্দেশ্য।”

জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ দল দারুণ পারফর্ম করছে। আমরা টেস্ট ম্যাচ জিতছি, টি-টোয়েন্টি ম্যাচ জিতছি, ওয়ানডে সিরিজ জিতছি, যা খুব ভালো লক্ষণ। আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় হবে।”

0%
0%
0%
0%