মাঠের বাইরের কাণ্ডকারখানায় বিরক্ত জো রুট কড়া বার্তা দিলেন ইংল্যান্ড ক্রিকেটারদের

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটের প্রত্যাবর্তনের আনন্দ ম্লান হয়ে গেছে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনায়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে পেসার ব্রাইডন কার্সকে বাদ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শনিবার ডার্বির একটি নাইটক্লাবে কার্সকে পুলিশের হাতে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে তাকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে নালিশ জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের পর থেকেই মদকেন্দ্রিক নানা বিতর্কে জড়িয়ে পড়ছে ইংলিশ ক্রিকেট। এর আগে ওয়েলিংটনে নাইটক্লাবের নিরাপত্তারক্ষীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক। এছাড়া অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারের সময় ওপেনার বেন ডাকেটকেও মাতাল অবস্থায় দেখা গিয়েছিল। চলতি বছরের জুন মাসে কার্ফু ভেঙে লন্ডনের একটি নাইটক্লাবে যাওয়ার দায়ে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে সতর্ক করার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরই বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলে জো রুট পুনরায় লাল বলের ক্রিকেটে নেতৃত্বের ভার গ্রহণ করেন।

রুট পুনরায় দায়িত্ব নিয়েই পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন মাত্র তিন দিনে। অথচ সেই দুর্দান্ত পারফরম্যান্সের আলোচনার পরিবর্তে মাঠের বাইরের বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী এই অধিনায়ক স্পষ্টভাবে জানান, তিনি হতাশ এবং বিরক্ত। রুটের মতে, মাঠের বাইরের এসব বোকামি দলের মাঠের সাফল্যকে আড়াল করে দিচ্ছে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং খেলোয়াড়দের নিয়মিত ভুলগুলো দলের ভাবমূর্তি নষ্ট করছে।

গত জানুয়ারি মাসে দলগত শৃঙ্খলা ফেরাতে কার্ফু জারি করা হয়েছিল, তবে রুট জানিয়েছেন তিনি নতুন করে কোনো কার্ফু আরোপ করবেন না। তার মতে, জোড় করে নয় বরং খেলোয়াড়দের দায়িত্ববোধ থেকেই পরিবর্তন আনা প্রয়োজন। দল হিসেবে তারা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চান যা দীর্ঘস্থায়ী ও গর্ব করার মতো হবে। খেলোয়াড়দের কাছে ইংল্যান্ডের জার্সি পরার অর্থ ও প্রত্যাশা নিয়ে দলের ভেতর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। লর্ডসে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে কার্সকে বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

০%
০%
০%
০%