ইজবাস্টনে বিপজ্জনক থ্রো করে আইসিসির সতর্কবার্তা পেলেন গুরনুর ব্রার

এজবাস্টনে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় পেসার গুরনুর ব্রার। আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়ের দিকে অসঙ্গত বা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ইংলিশ ইনিংসের অষ্টম ওভারে। ওই সময় গুরনুর ব্রারের করা বলে ব্যাটার বেন ডাকেট ড্রাইভ করার পর বলটি সরাসরি বোলার ব্রারের হাতে জমা হয়। বলটি কুড়িয়ে পাওয়ার পর গুরনুর তাৎক্ষণিকভাবে তা সজোরে ডাকেটের দিকে ছুড়ে মারেন। বলটি অল্পের জন্য ডাকেটকে স্পর্শ না করলেও আইসিসির কঠোর নিয়ম অনুযায়ী এটি আর্টিকেলের ২.৯ অনুচ্ছেদ লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রারের এই কর্মকাণ্ড ছিল নিয়মবহির্ভূত এবং বিপজ্জনক, যা মাঠের খেলার পরিবেশ নষ্ট করেছে। মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার কুমার ধর্মসেনা এবং মাইক বার্নস, টিভি আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন এই অভিযোগটি আমলে নিয়েছিলেন।

অভিযোগটি ওঠার পর গুরনুর ব্রার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচজুড়ে দুর্দান্ত বোলিংয়ের ধার বজায় রাখলেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় এই পেসারের শৃঙ্খলা তালিকায় একটি কালো দাগ যুক্ত হলো।

০%
০%
০%
০%