ঘানাই ফুটবলার ডমিনিক ফ্রিমপং দলীয় বাসে সশস্ত্র হামলায় নিহত

ঘানা প্রিমিয়ার লিগের দল বেরেকুম চেলসির খেলোয়াড় ডমিনিকে ফ্রিমপং সশস্ত্র ডাকাতদের হামলায় নিহত হয়েছেন। রোববার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাসূত্রে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে সামরেবোইয়ে অনুষ্ঠিত একটি ম্যাচ খেলে বেরেকুম চেলসির খেলোয়াড়রা তাদের দলবদ্ধ বাসে করে ফিরছিলেন। পথে গোয়াসো এবং বিবিয়ানির মধ্যবর্তী স্থানে এই হামলার ঘটনা ঘটে।
ক্লাবের পক্ষ থেকে সোমবার জানানো হয়, সামরেবোই থেকে ফেরার পথে তাদের দলবদ্ধ বাসের সামনে অস্ত্রধারী ডাকাতরা রাস্তা অবরোধ করে। মুখোশধারী ডাকাতরা বাসের উপর গুলি চালালে চালক গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় খেলোয়াড় ও স্টাফরা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেন।
পরে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০ বছর বয়সী ডমিনিকে ফ্রিমপং এই হামলায় মারা গেছেন।
জিএফএ এক বিবৃতিতে জানায়, বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের খেলোয়াড় ডমিনিকে ফ্রিমপংয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে তারা গভীরভাবে শোকাহত। এই ঘটনা কেবল বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। ডমিনিকে ছিলেন একজন সম্ভাবনাময় তরুণ প্রতিভা, যার নিষ্ঠা ও খেলার প্রতি ভালোবাসা আমাদের লিগের প্রতীক ছিল।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন লেগন সিটিসের দলবদ্ধ বাসেও একই ধরনের হামলা হয়েছিল, তবে সে সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: আল জাজিরা