বিশ্বকাপ ভিসা জটিলতা নিয়ে উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্রের উত্তরের প্রতিবেশীকে একহাত নিলেন রাষ্ট্রদূত

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরুর আগে ভিসা জটিলতা ও প্রস্তুতির ঘাটতি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুফজল পাসানদিদেহ অভিযোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে তার দেশের খেলোয়াড়রা সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন না এবং টুর্নামেন্টের প্রস্তুতিতে গুরুতর ব্যাঘাত ঘটছে।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে ইরান দলের ক্যাম্প হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতায় তা মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে সরিয়ে নিতে বাধ্য হয় দলটি। পাসানদিদেহ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, উত্তর দিকের প্রতিবেশী দেশটি আয়োজক হিসেবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। খেলোয়াড়রা আদৌ ভিসা পাবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হলেও, রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতির কারণে প্রতিযোগিতায় তারা সমমর্যাদায় মাঠে নামতে পারছেন না। তিনি আরও উল্লেখ করেন যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে দলের স্বাভাবিক অনুশীলনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
তিজুয়ানার যে স্টেডিয়ামে ইরানি দল বর্তমানে অনুশীলন করছে, সেখানে গত বুধবার তেহরানের কূটনীতিকরা পরিদর্শন করেন এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ক্লাব তিজুয়ানার একটি সূত্রের বরাতে এএফপির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলের মতো গুরুত্বপূর্ণ শহরে তিনটি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে লড়বেন তারা এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ ম্যাচটি হবে মিসরের বিরুদ্ধে। মাঠের লড়াই শুরুর আগে এই মাঠের বাইরের বিতর্ক ইরানি শিবিরের মানসিক প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
