AdvertisementAdvertisement

ফিফা সভাপতির বিরুদ্ধে ব্ল্যাকমেইলের বিস্ফোরক অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অন্দরে তোলপাড় থামছেই না। ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলী বিন হুসেইন। সাবেক এই ফিফা সহ-সভাপতি দাবি করেছেন, জর্ডানের ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানের বিনিময়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে আলী বিন হুসেইন অভিযোগ করেন যে, বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে তাকে জানানো হয়েছিল, ইনফান্তিনোকে সমর্থন দিলে তা জর্ডান ফুটবল ফেডারেশনের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করবে। এমন প্রস্তাবকে নৈতিকতাহীন আখ্যা দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, জর্ডান কোনোভাবেই অনৈতিক চাপে নতি স্বীকার করবে না। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হওয়ার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বাড়ছে। বিভিন্ন মহাদেশীয় কনফেডারেশন এবং জাতীয় ফুটবল ফেডারেশনগুলো ফিফার এই বাণিজ্যিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে ফিফার বর্তমান প্রশাসনের ভেতরেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং আর্সেন ওয়েঙ্গারের মতো উচ্চপদস্থ কর্মকর্তারাও বিতর্কিত এই প্রক্রিয়া থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, সীমিত বাজেটের দেশ হওয়া সত্ত্বেও জর্ডান ফুটবলকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে সমর্থকদের জন্য আকাশচুম্বী টিকেটের মূল্য এবং যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতায় পড়ার মতো ঘটনা। এছাড়া ২০২৫ সালের আরব কাপে অংশ নেওয়ার পাওনা অর্থ এবং মার্কিন সরকারের কর সংক্রান্ত বিড়ম্বনার কারণে খেলোয়াড় ও স্টাফরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অথচ ফিফা তাদের বিপুল পরিমাণ রিজার্ভ নিয়ে দম্ভ করলেও মাঠের ফুটবলে এমন ছোট দেশগুলোর প্রতি সহায়তার ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিচ্ছে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া জর্ডান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। টুর্নামেন্টের মঞ্চে লড়াই করার পরও প্রাপ্য অর্থ না পাওয়া এবং ফিফার ক্ষমতার অপব্যবহার ফুটবল বিশ্বে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ব্যর্থতা এবং অন্যদিকে সদস্য দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ইনফান্তিনোর নেতৃত্বকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

0%
0%
0%
0%