পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর তাকে মন্ত্রীর পদে বহাল রাখার দাবিতে রাঙ্গামাটিতে সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১ জুন) বিকেল ৫টায় রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে দীপেন দেওয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ না করে তাকে মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং এলাকার মানুষের স্বার্থে দীপেন দেওয়ানের অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তাই তার পদত্যাগপত্র অনুমোদন না করে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি নূর জাহান পারুল আক্তার, সাধারণ সম্পাদক সালেহা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলী ইয়াসমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি মুন্না তালুকদার, সাবেক সহ-সভাপতি হেলাল এবং সাবেক দপ্তর সম্পাদক আশরাফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দীপেন দেওয়ানের পদত্যাগপত্র অনুমোদন না করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।