ক্যাম্পাসে গণতন্ত্র হতার রাজনীতি বিএনপি ছাত্রদলের চিরায়ত ঐতিহ্য এস এম ফরহাদ

ক্যাম্পাসগুলোতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা বিএনপি ও ছাত্রদলের চিরায়িত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে ডাকসু জিএস বলেন, সে সময় ছাত্রদল ডাকসু নির্বাচনে জয়লাভ করার পর থেকেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করা শুরু করে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির ক্ষমতার মেয়াদকালে নিজেদের অনুগত প্রশাসন বসিয়ে ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির প্রবর্তন করা হয় উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠান প্রসঙ্গে এস এম ফরহাদ অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরের আজকের এই কল্যাণমুখী কর্মসূচি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসী মনোভাব ও রাজনৈতিক হীনম্মুন্যতার কারণে তা বানচাল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি সন্ত্রাসী অ্যাপ্রোচের কারণে ক্যাম্পাসে করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

ছাত্রদলের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, এসব সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্ম না হয়ে বরং শিক্ষার্থী-বিচ্ছিন্ন একটি সংগঠনে পরিণত হয়েছে। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর এই নেতা বলেন, সংসদে গণতন্ত্রের কথা বলে ক্যাম্পাসে গণতন্ত্র হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। এই দ্বিচারিতা বন্ধ না হলে আগামী দিনে দেশের তরুণ সমাজ তাদের দ্বিমুখী চরিত্র পরিষ্কারভাবে বুঝতে পারবে এবং বয়কট করবে।

ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন অতিথিরা।

০%
০%
০%
০%