শরীয়তপুরের গোসাইরহাটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন খা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের নলমুড়ি এলাকায় হারুন গাজীর মসজিদের সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির সময় পুলিশের একটি টহল দল স্বপন খাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেপ্তার স্বপন খা গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের উত্তর চর জানপুর এলাকার মৃত ফজল খার ছেলে। এ ঘটনায় স্বপন খার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোসাইরহাট থানায় একটি মামলা করা হয়েছে। পরে বুধবার (১৪ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।