হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

ঢাকা,  ১৪ অক্টোবর ২০২৬
হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত সভায় তাঁদের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সবার জন্মভূমি। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদার নাগরিক। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার বিষয় তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাঁদের আশ্বস্ত করেছেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

০%
০%
০%
০%