শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে গোটা রংপুর বিভাগীয় নগরীসহ পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে রংপুর মহানগর পর্যন্ত পুরো পথজুড়ে বিরাজ করছে এক অভূতপূর্ব সাজসাজ রব। দিনরাত পরিশ্রম করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর এতে ব্যস্ত সময় পার করছেন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) প্রাঙ্গণে উপস্থিত হবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসাবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। রাজধানী ঢাকার বাইরে কোনো সরকারপ্রধানের এমন মণ্ডপ পরিদর্শনের ঘটনাকে বিরল ও ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। আনন্দময়ী সেবাশ্রম মন্দিরের পূজামণ্ডপে আসা সুবাস চন্দ্র উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এর আগে কখনো দেখিনি প্রধানমন্ত্রী ঢাকার বাইরে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এবার সেটি হতে যাচ্ছে, তাও আবার আমাদের রংপুরে—এটি আমাদের জন্য পরম পাওয়া।" রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস জানান, প্রধানমন্ত্রী এসে প্রত্যন্ত অঞ্চলের শারদীয় উৎসবের চিত্র নিজের চোখে দেখবেন এবং ভক্তদের সঙ্গে মিশবেন, এটি সমগ্র সনাতন সম্প্রদায়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর এই আগমন নগরবাসীর আনন্দের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর প্রধান প্রধান সড়ক ও রোড ডিভাইডারগুলো ধুয়েমুছে চকচকে করা হয়েছে, ডিভাইডারে লাগানো হয়েছে শোভাবর্ধক ফুলের গাছ। উচ্ছেদ করা হয়েছে ফুটপাতের অবৈধ দখল। ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত যাতায়াতের নির্ধারিত সড়কগুলোর সংস্কারকাজ ইতোমধ্যে দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। এসব উন্নয়ন ও প্রস্তুতিমূলক কাজের সার্বিক তদারকি করছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন। এছাড়া ভাওয়াইয়ার মাটির সুরখ্যাত বাহের দেশ রংপুরে প্রধানমন্ত্রীকে গানে গানে বরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও সাংস্কৃতিক ঐক্য পরিষদ। রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সফর ঐতিহাসিক করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিন ও চার স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে পুরো নগরজুড়ে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা পুলিশ ও মহানগর পুলিশের পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছেন। সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আনন্দ বহুগুণ বেড়ে যাবে। তার এই ঐতিহাসিক সফর শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।