লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গাপূজার মণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে। জীবিকার তাগিদে তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় পূজামণ্ডপে সাজসজ্জার কাজ করছিলেন কামাল। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মই থেকে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করতে মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যুর ঘটনায় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।