Advertisement

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের হুঁশিয়ারি মিয়া গোলাম পরওয়ারের

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের ৬৫০ জন ইউনিট সভাপতির সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে এসে ফ্যাসিবাদের পথে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল যে স্বাক্ষর করেছিল, সেখানে ১৮০ দিনের মধ্যে তা বাস্তবায়নের সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এড়িয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

অধ্যাপক গোলাম পরওয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার অতিদ্রুত বিশেষ অধিবেশন ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দলীয়করণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একটি নির্বাচিত সরকার থাকাকালীন স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ অসাংবিধানিক ও জনভোগান্তি বাড়ানোর নামান্তর। অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও সেদিকে মন্ত্রীর কোনো নজর নেই। তিনি সব মন্ত্রণালয় নিয়ে অযাচিত মন্তব্য করেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে খাটো করে বক্তব্য দেন, যা কাম্য নয়। দলীয়করণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। এছাড়াও সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%