মন্ত্রিসভায় বড় রদবদল তথ্য ও খাদ্য মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। একই সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রিসভায় সদ্য শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে পারেন আজ শপথ গ্রহণকারী রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে ড. আবদুল মঈন খান এবং সাচিং প্রু জেরী শপথ গ্রহণ করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হতে পারে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে সাচিং প্রু জেরীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে এই রদবদল কার্যকর হবে।
