মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকার একটি মৎস্যঘেরের পাড়ে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মাছ দেওয়ার কথা বলে সুমন ওই কিশোরীকে কৌশলে মৎস্যঘেরের নির্জন পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত লম্পট সুমন।
শুরুতে ভুক্তভোগী কিশোরী বিষয়টি কাউকে জানায়নি, তবে পরবর্তীতে অসুস্থ বোধ করলে সে তার মামির কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মোংলা থানায় এসে অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ শুক্রবার দুপুরে সিগন্যাল টাওয়ার এলাকা থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার অধিকতর তদন্ত চলমান রয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
