কুষ্টিয়ায় সংসদ সদস্যের গাড়ি ও বাড়িতে হামলা, আহত ১০

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বাসভবন ও তার ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া শহর। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তার মোড় এলাকায় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হরিণারাণপুর ইউনিয়নে সফর শেষে সংসদ সদস্য আমির হামজা ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফেরার সময় আকস্মিক হামলার শিকার হন। এসময় হামলায় সংসদ সদস্য নিজে এবং তার চাচা গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
হামলার নেপথ্যে সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যের জেরে বিদ্যমান বিরোধকে দায়ী করা হচ্ছে। গণঅধিকার পরিষদের নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে সংসদ সদস্যের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। অন্যদিকে, সংসদ সদস্যের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল খালেক ও তৌকির আহমেদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সংঘর্ষের রেশ ধরে কুষ্টিয়া শহরের হাইস্কুল মার্কেট ও হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতিতে শহরের জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
