Advertisement

ফরিদপুরের সালথায় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুরের সালথা উপজেলা সদরে নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে অর্জিত এই গণতন্ত্রকে যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের পুনরাগমন আর কোনোভাবেই হতে দেওয়া যাবে না। জাতি ঐক্যবদ্ধ থাকলে এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার বিকেলে সালথা সদর বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, সালথা উপজেলাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন দর্শনের বহিঃপ্রকাশ। দীর্ঘ ১৭ বছর ধরে চলা বিনা ভোটের স্বৈরাচারী শাসনামলে স্থানীয় মানুষ কোনো দল বা মতের পরিচয়ে নির্বিঘ্নে বসবাস করতে পারেনি। এখন উন্নয়নের নতুন সময় এসেছে জানিয়ে তিনি উপস্থিত সকলকে দাঙ্গা-হাঙ্গামা পরিহার করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদার। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সালথার উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

0%
0%
0%
0%