হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হাসনাত আব্দুল্লাহর উদ্বেগ

হবিগঞ্জে ন্যাশনাল কনফারেন্স পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচিতে পুলিশের বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ তোলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী মত দমনের যে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির চর্চা ছিল, তা পরিবর্তিত হবে বলে দেশবাসী আশা করেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি নির্বাচিত সরকারও রাজনৈতিক কর্মসূচিতে বাধার সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক রীতির পরিপন্থী এবং কোনোভাবেই কাম্য নয়।
হবিগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত থাকাই স্বাভাবিক, কিন্তু কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা প্রদান এবং বারবার নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করার ঘটনা অত্যন্ত অপ্রত্যাশিত। এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সংশ্লিষ্ট দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ডের ইজারা ও কর আদায় প্রসঙ্গে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে নিয়মমাফিক কর আদায় করা জরুরি, তবে এক্তিয়ারের বাইরে গিয়ে কোনো ধরনের চাঁদাবাজি বা অসাধু তৎপরতা বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত হার ছাড়া জিবি বা চাঁদার নামে সাধারণ চালকদের কাছ থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
