লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে ট্রাক প্রতীকের প্রার্থীর সরে দাঁড়ানো

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে নির্বাচনী মাঠে বড় ধরনের সমীকরণ পরিবর্তন ঘটেছে। ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গণঅধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্যাহ খান কমলনগরে নিজানের বাসভবনে গিয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি জানান, বৃহত্তর স্বার্থ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে হবে।” তিনি একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের—জামায়াতের এআর হাফিজ উল্যাহ, জেএসডির তানিয়া রব ও ইসলামি আন্দোলনের খালেদ সাইফুল্লাহর প্রতিও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, রামগতি থানা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ প্রতীক)। একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী লড়াই নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।