ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে দলীয় জনশক্তিকে সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর আমির নির্বাচন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক সংগঠন। রুকনগণের প্রত্যক্ষ ও গোপন ভোটের মাধ্যমেই মহানগরীর নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সংগঠনের অভ্যন্তরীণ কোনো পদমর্যাদা বা আসন বিলাসিতার বিষয় নয়, বরং এটি একটি গুরুদায়িত্ব বা আমানত। তাই প্রতিটি দায়িত্বশীলকে জবাবদিহির মানসিকতা ধারণ করে যেকোনো ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সর্বস্তরে আমানতদারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই দলটির মূল রাজনৈতিক লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।

সম্মেলনের বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রার্থীদের পক্ষে ব্যাপক জনসমর্থন অর্জনের জন্য সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত কৌশল নির্ধারণের ওপর বিশেষ জোর দেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, তৃণমূলের সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে বাস্তবসম্মত রূপরেখা উপস্থাপনের মাধ্যমে জনকল্যাণমূলক রাজনীতি এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এই রুকন সম্মেলনে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%