জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার ডাক মাহমুদা মিতুর

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের কোর্ট রোড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অবস্থান তুলে ধরেন।

মতবিনিময় সভায় ডা. মাহমুদা আলম মিতু বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মনে যে গভীর প্রত্যাশার জন্ম হয়েছে, তা বাস্তবে রূপ দিতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সূচনালগ্নে একটি ছোট কার্যালয় থেকে নাগরিক কমিটির কার্যক্রম শুরু হলেও সময়ের পরিক্রমায় আজ তা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ধারাবাহিকতায় দলের ভিত্তি তৃণমূলে আরও দৃঢ় করতে নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যেই দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে আমাদের। এই লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দলের আদর্শ, লক্ষ্য এবং রাজনৈতিক অবস্থান তাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার ওপর তিনি বিশেষ জোর দেন।

নতুন এই জেলা কার্যালয় চালুর ফলে রাজনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করে ডা. মিতু বলেন, এই কার্যালয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কাজের সমন্বয় সাধনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এর মাধ্যমে জেলা ও উপজেলার প্রতিটি প্রান্তে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা এবং সাধারণ জনগণের সঙ্গে দলটির মেলবন্ধন আরও সুদৃঢ় করার সোনালী সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মোস্তফা কামালসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

০%
০%
০%
০%