মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় শুক্রবার ভোরে পুলিশের দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে একটি প্রাইভেটকারের সজোরে ধাক্কায় সেলিম হাওলাদার (৪৫) নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি জেলা শহরের ‘হোটেল মেট্রো’ নামের একটি আবাসিক হোটেলের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম হাওলাদার। পথিমধ্যে মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি আকস্মিক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ওই মহাসড়কে পূর্বে ঘটে যাওয়া আরেকটি দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত পুলিশের একটি রেকারের পেছনে তার প্রাইভেটকারটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, সকালে আইনি প্রক্রিয়া অনুযায়ী নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ি ফিরে গেছেন।