দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

দেশে নির্বাচন সম্পন্ন হলেও নানামুখী ষড়যন্ত্র এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের যেকোনো মূলνে সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৪৬ সালে বৃহত্তর নোয়াখালীর বর্তমান শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক অবস্থান তৈরিতে মহাত্মা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় তিনি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে ঘুরে গ্রামে গ্রামে গিয়ে হিন্দু-মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনের উদ্যোগ নিয়েছিলেন। তার সেই প্রচেষ্টার ফলেই এই অঞ্চলে একটি সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি গড়ে উঠেছে। বিগত দিনগুলোতে সারা দেশে নানা অস্থিরতা দেখা দিলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে সহজে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার দুনিয়ার অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পানিসম্পদমন্ত্রী জানান, দীর্ঘদিন দেশে নির্বাচন না থাকার পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেও ষড়যন্ত্র সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। দেশের ভেতর ও বাইরে থেকে নানা ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পষ্ট। তাই জনজীবনের শান্তি ও সম্প্রীতি রক্ষায় দল-মমত নির্বিশেষে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই অঞ্চলের মানুষের অধিকার ও নিরাপত্তায় সরকার সবসময় তাদের পাশে রয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে রাতের বেলা বিশেষ পাহারার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনিকভাবেও কড়া নজরদারি রাখা হবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত থাকবে। এছাড়া যেসব মণ্ডপে সিসি ক্যামেরা নেই, সেখানে জরুরি যোগাযোগ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি নির্দেশ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছীবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল এবং জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০%
০%
০%
০%