পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআইয়ের জ্যেষ্ঠ নেত্রী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদের মৃত্যুসংক্রান্ত সব গুজব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তার দল। বর্তমানে মে মাসের ৯ তারিখের সহিংসতা সংশ্লিষ্ট মামলায় সাজাভোগকারী এই নেত্রী লাহোরের কোট লাখপত কারাগারে জীবিত ও সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, তাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে পিটিআই।
দলটির কেন্দ্রীয় মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানান, ড. ইয়াসমিন রশিদ কোট লাখপত কারাগারেই বন্দি জীবন অতিবাহিত করছেন। পাকিস্তানর ইমরান খানের প্রতি অবিচল আনুগত্যের কারণে তাকে বেআইনিভাবে আটক রেখে অমানবিক শাস্তি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. ইয়াসমিন রশিদের মৃত্যু হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়। তবে দলীয় মুখপাত্র এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
পিটিআই নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ড. ইয়াসমিন রশিদের শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো তথ্যগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। দলের এই জ্যেষ্ঠ নেত্রী বর্তমানে কারাবন্দি অবস্থায় রয়েছেন এবং তার স্বাস্থ্য নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি কঠোর বার্তা দিয়েছে পাকিস্তানর পিটিআই।