পাকিস্তানের মুজাফফরগড় জেলার সীতপুর এলাকায় নিজ স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তার স্বামীর হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন যে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত সহযোগীর সহায়তা নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। সীতপুর থানায় মামলাটি নথিভুক্ত হওয়ার পর এখন ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তানর পুলিশ প্রশাসন।