বছরের শেষ চার মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত তিন দিনের ছুটি

২০২৬ সালের ক্যালেন্ডার থেকে বিদায় নিচ্ছে আগস্ট মাস। নতুন মাস সেপ্টেম্বরের সূচনার মধ্য দিয়ে বছরটির শেষ চার মাসের যাত্রা শুরু হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, বছরের অবশিষ্ট সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মাত্র পাঁচ দিনের সরকারি ছুটি বরাদ্দ রয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় এই পাঁচ দিনের মধ্যে দুটি ছুটি কার্যত কর্মদিবসে যুক্ত হচ্ছে না।
আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি উপভোগ করতে পারবেন না। ফলে সেপ্টেম্বর মাসে বিশেষ কোনো অতিরিক্ত ছুটি থাকছে না।
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে দুই দিন। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে অফিস-আদালত বন্ধ থাকবে। বছরের শেষ মাস ডিসেম্বরেও দুই দিনের সরকারি ছুটি বিদ্যমান। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি পালিত হবে।
বড়দিনের ছুটি শুক্রবারে পড়ায় সেটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিনের সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। সব মিলিয়ে বছরের শেষ চার মাসে পাঁচ দিনের সরকারি ছুটির তালিকা থাকলেও, কার্যত কর্মদিবসে অতিরিক্ত মাত্র তিন দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
