Advertisement

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন মন্ত্রিসভার

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে, যা সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে, বিংশ গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী বছরের শুরু থেকে আরও ৩৫ শতাংশ এবং তার পরের অর্থবছরের জুলাই মাসে অবশিষ্ট অংশ কার্যকর করা হবে। এছাড়া, ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতাদি প্রদানের বিষয়টিও সুপারিশমালায় অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, অষ্টম জাতীয় পে-কমিশনের দীর্ঘ এক দশক পর সরকার নবম জাতীয় পে-কমিশন গঠন করে। গত বছরের ২৭ জুলাই ২৩ সদস্যের এই কমিশন গঠনের পর, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিকট তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি এই সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%