Advertisement

দেশজুড়ে নানা আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলাম বর্ষ উদযাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় গতকাল সোমবার বিভিন্ন জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বস্তরের মানুষ।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা চত্বরে সমাবেশের পর খরকা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও-এর সভাপতিত্বে এ সময় ডা. সুস্মিতা দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান এবং বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রংপুরের তারাগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে নজরুল বর্ষের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন। কবির জীবন, দর্শন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কবির সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির গান পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিকের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সরকারি এম এ রেজা কলেজের প্রভাষক আশরাফুল আলম।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। দিনব্যাপী এসব আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জাতীয় কবির আদর্শ অনুসরণের শপথ নেয়।

0%
0%
0%
0%