পাবনায় কোটি টাকায় নির্মিত ব্রিজে সংযোগ সড়ক নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পাবনার ফরিদপুর উপজেলার দেওভোগ দহপাড়া খালের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৯৫ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ দফায় দফায় সংশোধন করে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের অনেক আগেই মূল কাঠামো নির্মিত হয়েছে, কিন্তু সংযোগ সড়কের অভাবে এটি এখন নিছক একটি অকেজো স্থাপনায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পূর্ব পাশে দহপাড়া, দেওভোগ ও বাঙ্গাবাড়িয়া গ্রাম এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। পশ্চিম পাশে দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি গ্রামের বসতি রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই এলাকাগুলোর বাসিন্দারা দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের জন্য ব্রিজের পরিবর্তে বর্তমানেও বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল। বিশেষ করে কোমলমতি স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকরা প্রতিনিয়ত চরম উদ্বেগ ও ঝুঁকির মধ্যে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ জানান, ব্রিজ নির্মাণের পর এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশা করেছিলেন, কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই ভোগান্তি এখন আরও বেড়েছে। বিএলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন জানান, জনস্বার্থ রক্ষায় এবং এলাকাবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুততম সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করা জরুরি।
এ বিষয়ে ফরিদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান জানান, ইতোমধ্যে ঠিকাদারকে সংযোগ সড়ক নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই দুর্ভোগ নিরসনে ঠিকাদারকে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে ব্রিজটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।
