Advertisement

চাঁদা দাবির মামলায় পিরোজপুরে তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার চার

পিরোজপুর সদর উপজেলায় চাঁদা দাবির অভিযোগে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন ওই ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার পিরোজপুর শহরের কুমারখালী এলাকার জাকির হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঢাকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহায়তায় আব্দুস সালাম শেখকে ঢাকা থেকে এবং বাকি তিনজনকে পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাব-স্টেশনে বালু ভরাটের কাজ করছিলেন ঠিকাদার জাকির হোসেন। অভিযোগ রয়েছে, কাজ শুরুর পর থেকেই সালাম শেখ ঠিকাদারকে ব্যবসায় অংশীদার হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। জাকির তাতে সম্মত না হওয়ায় প্রতি সিএফটি বালুর বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করেন সালাম এবং চাঁদা না পেয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বালু ভরাটের পাইপলাইন ভেঙে ফেলেন।

এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%