কাজির দেউড়িতে নারী ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কাজির দেউড়ি শপিং সেন্টারের সামনে থেকে এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া ব্যাগ ও মালামাল উদ্ধারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।
ভুক্তভোগী সাইদা তানিয়া তুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, গত রাতে কাজির দেউড়ি এলাকায় যাওয়ার পর ছিনতাইকারীরা অতর্কিতে হামলা চালিয়ে তার মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি হাতে গুরুতর আঘাত পান। ভুক্তভোগী আরও জানান, তার মোবাইল ফোনে বিভিন্ন ব্যাংকিং ও ব্যক্তিগত অ্যাপস লগইন করা থাকায় তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার বিষয়ে দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই অপরাধীদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চক্রের মূল হোতা শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
