টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জুলাই স্মৃতি স্মারক উন্মোচন

গাজীপুরের টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে দারুল ইসলাম ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন ও সংগ্রামের গৌরবময় ইতিহাস সংবলিত স্মারকটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকটি উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন ও শহীদ সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ জুলাই আন্দোলনে প্রাণ হারানো একাধিক শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের সাহসের প্রতীক এবং একটি রক্তাক্ত অধ্যায়ের মহানায়ক। তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বিস্মৃতির অতলে হারিয়ে না যায় বা বিকৃত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামী সর্বদা বদ্ধপরিকর।
টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এ ছাড়াও টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ফখরুল আলম সিফাত, স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থী সোলাইমান হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে টঙ্গীর মাটিতে শহীদদের স্মৃতি অমর করে রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তারা শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
