শিবালয়ে ৯ কিলোমিটার সড়ক মরণফাঁদ জনদুর্ভোগ চরমে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে অসংখ্য খানাখন্দে ভরা মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সড়কটির বেহাল দশার কারণে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে গর্তে আটকে পড়ে অনেক সময় মূল্যবান সময় নষ্ট হয়। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা-ভ্যান গর্তে পড়ে উল্টে গিয়ে যাত্রীরা হরহামেশাই আহত হচ্ছেন। কাদা আর পানিতে একাকার হয়ে থাকায় হাঁটাচলাও দায় হয়ে পড়েছে স্থানীয়দের জন্য।
শিক্ষার্থী দিবা কর্মকার ও হাজেরা আক্তার জানান, খানাখন্দে ভরা এই পথে স্কুল-কলেজে যাতায়াত করতে তাদের দ্বিগুণেরও বেশি সময় ব্যয় করতে হচ্ছে। একইভাবে কৃষক আয়নাল হোসেন জানান, উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকদের অভিযোগ, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে অহরহ গাড়ি বিকল হচ্ছে এবং পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের প্রতিনিধি রাজু সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, গত মঙ্গলবার তিনি সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন এবং ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এ পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
