AdvertisementAdvertisement

চুল বিক্রি করে ঘরভাড়ার টাকা জোগানো অসহায় রেহানার পাশে উপজেলা প্রশাসন

বাগেরহাটের রামপাল উপজেলার হতদরিদ্র নারী রেহানা খাতুনের দুর্বিষহ জীবনের খবর গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। চরম অভাবের তাড়নায় ঘরভাড়ার টাকা জোগাড় করতে নিজের মাথার চুল বিক্রি করে দেওয়া এই অসহায় মায়ের হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা এবং এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাকে স্থায়ী আবাসনের ব্যবস্থা ও কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত রেহানা খাতুন দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। আগে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে বসবাস করলেও টাকার অভাবে বাড়িওয়ালা তাকে উচ্ছেদ করলে আশ্রয়হীন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রেললাইনের পাশে খোলা আকাশের নিচে বাঁশের খুঁটি পুঁতে কোনোমতে মাথা গোঁজার ঠাঁই করার চেষ্টা করেন তিনি। কিন্তু অর্থাভাবে টিন বা বেড়া কিনতে না পারায় বৃষ্টি ও রোদে সন্তানদের নিয়ে অবর্ণনীয় কষ্টে দিন কাটছিল তার।

Advertisement
বিজ্ঞাপন

এক পর্যায়ে ঘরভাড়ার বকেয়া ৫০০ টাকা পরিশোধ করতে না পেরে নিজের দীর্ঘ চুল বিক্রি করতে বাধ্য হন এই মা। এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও সমবেদনার জন্ম দেয়। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও রামপাল উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী জানিয়েছেন, কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, রেহানা খাতুনের স্থায়ী জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সব ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অসহায়ত্বের গ্লানি কাটিয়ে সরকারি সহায়তায় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করা রেহানা খাতুন তার সন্তানদের নিয়ে নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%