বেনাপোল দিয়ে এল কাঁচামরিচের দ্বিতীয় চালান দাম কমার প্রত্যাশা ব্যবসায়ীদের

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দ্বিতীয় চালানে ২৯ মেট্রিক টন ২২০ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে মরিচবোঝাই ট্রাকটি বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পৌঁছালে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সাথে খালাসের প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে প্রথম চালানে ৯ দশমিক ২ মেট্রিক টন কাঁচামরিচ দেশে প্রবেশ করেছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচের পেছনে পরিবহন ও আনুষঙ্গিক খরচসহ প্রায় ১৩৫ টাকা ব্যয় হচ্ছে। আমদানিকারক শাহাজান আলী জানান, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা হলেও সরকারি শুল্ক বাবদ প্রতি কেজিতে প্রায় ৪৫ টাকা পরিশোধ করতে হচ্ছে। বন্দরের বিভিন্ন জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে প্রকৃত খরচ অনেক বেড়ে যাচ্ছে, যা চূড়ান্ত খুচরা মূল্যের ওপর প্রভাব ফেলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মূলত ভারতের নাসিক অঞ্চল থেকে এই পণ্য আমদানি করা হচ্ছে। এদিকে মঙ্গলবার বেনাপোল বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, আমদানি প্রক্রিয়া নিরবচ্ছিন্ন থাকলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং বাজারে পণ্যটির দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, যথাযথ নথিপত্র যাচাই-বাছাই শেষে দ্রুত খালাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে আরও বেশ কিছু কাঁচামরিচবাহী ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
