রাজনৈতিক দল থেকে অর্থ গ্রহণের অভিযোগ উরফি জাভেদের কড়া জবাব

গ্ল্যামার জগতের বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফ্যাশন আইকন উরফি জাভেদের। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ নামক একটি রাজনৈতিক দলের আন্দোলনের সমর্থনে উরফি এক লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারী। এই দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই গর্জে উঠেছেন উরফি। ভিত্তিহীন এই গুজবের কড়া জবাব দিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, কেউ যদি প্রমাণ করতে পারে তিনি টাকা নিয়েছেন, তবে তিনি তৎক্ষণাৎ নিজের লক্ষাধিক অনুরাগী সম্বলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলবেন এবং উপার্জনের সমস্ত পথ বন্ধ করে দেবেন।
ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে উরফি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর একটি মাত্র সোশাল মিডিয়া রিল পোস্ট করার পারিশ্রমিক এক লাখ টাকার চেয়েও অনেক বেশি। তাই নামমাত্র অর্থের বিনিময়ে এমন বিতর্কে জড়ানোর কোনো কারণই নেই তাঁর। উল্টো তিনি অভিযোগ করেছেন, এই ধরনের ভুয়ো খবরের কারণে তাঁর পেশাদার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। নামিদামি ব্র্যান্ডগুলো এখন তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করছে, যার ফলে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণই বেশি। ফৈজান আনসারী যে কেবল প্রচারের আলোয় থাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন, তা উরফির মন্তব্যে স্পষ্ট।
উল্লেখ্য যে, ফৈজান আনসারী এর আগেও উরফিকে নিয়ে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন। অতীতে উরফিকে রূপান্তরকামী হিসেবে আখ্যায়িত করা কিংবা তাঁর ধর্ম পরিবর্তন নিয়ে রটানো গুজবের সময়ও শক্ত হাতে জবাব দিয়েছিলেন এই অভিনেত্রী। নিজের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে উরফি বারংবার জানিয়েছেন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নন।
ফৈজান আনসারী মূলত ‘ডেটবাজি’ নামক রিয়্যালিটি সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। এর আগেও একাধিক তারকার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন তিনি। তবে উরফি জাভেদ এখন ক্যারিয়ারের তুঙ্গে। সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ অসামান্য পারফরম্যান্স দিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। নিজের সৃজনশীলতা আর সাহসিকতার জোরে বিনোদন দুনিয়ায় যে শক্ত অবস্থান তিনি তৈরি করেছেন, তাকে নস্যাৎ করার চেষ্টাতেই বারবার এমন ভিত্তিহীন বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনুরাগীরা।
