AdvertisementAdvertisement

ঈশ্বরদীতে মহাসড়ক অবরোধ করে প্রাণ-আরএফএল শ্রমিকদের বিক্ষোভ সাত দিন কারখানা বন্ধ ঘোষণা

পাবনার ঈশ্বরদীতে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রাণ-আরএফএল পাবনা প্রোডাক্টস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে শ্রমিকরা অবস্থান নিলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এই অবরোধের ফলে পাবনার সঙ্গে রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া ও রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। মূলত শ্রম আইন অনুযায়ী যথাসময়ে বেতন প্রদান, কর্মঘণ্টা নির্ধারণ, প্রভিডেন্ট ফান্ড চালু, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হন।

Advertisement
বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিক নেতা নাজমুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো কর্তৃপক্ষ উপেক্ষা করে আসছে। তিনি কারখানায় সরকারি ছুটির দিনে ছুটি নিশ্চিত করা, শ্রমিকদের যাতায়াত সুবিধা প্রদান, অযৌক্তিক ছাঁটাই বন্ধ এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান। শ্রমিকরা স্পষ্ট ঘোষণা দেন যে, যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবিগুলো ঊর্ধ্বতন পর্যায়ের সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং দীর্ঘ সময় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
বিজ্ঞাপন

প্রাণ-আরএফএল পাবনা প্রোডাক্টস লিমিটেডের এজিএম জাকির হোসেন জানিয়েছেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পরিস্থিতি পর্যালোচনা এবং সমস্যার সমাধানে আগামী সাত দিনের জন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক আবু তাহের জানান, মূলত টেকনিক্যাল ত্রুটির কারণে বেতন প্রদানে বিলম্ব হয়েছে এবং যারা এখনও পাওনা পাননি, তাদের দ্রুত তা পরিশোধের প্রক্রিয়া চলছে।

0%
0%
0%
0%