AdvertisementAdvertisement

কক্সবাজারে পর্যটক নিহতের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পর্যটন মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় এক পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বাংলাদেশ পর্যটন ভবনে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মানিকগঞ্জ জেলা পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত ডিপিপি যাচাই কমিটির সভায় মন্ত্রী আরও বলেন, কক্সবাজারের এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

সভায় মানিকগঞ্জকে কেন্দ্র করে জেলা-ভিত্তিক পর্যটন সার্কিট গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়, যেখানে নদীকেন্দ্রিক পর্যটনকে মূল আকর্ষণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধা বিবেচনায় সেখানে ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হ্যান্ডিক্রাফট সেন্টার ও লাইফগার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া বালিয়াটি প্রাসাদ ও ধামরাই লোকশিল্প কেন্দ্রের মতো ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কার ও পর্যটনবান্ধব করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

আফরোজা খানম বলেন, দেশের প্রতিটি পর্যটন এলাকার জন্য স্বতন্ত্র ও আকর্ষণীয় থিম নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে তা স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি আক্ষেপ করে উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে যে স্থবিরতা বিরাজ করছে, তা কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

Advertisement
বিজ্ঞাপন

আগামী দিনের পরিকল্পনায় পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল সংলগ্ন অতিথিশালাগুলোকে সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে সেগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন মন্ত্রী। পর্যটনের প্রসারে প্রচারণামূলক ওয়েবসাইটের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে ডিজিটাল মাধ্যমের কার্যকর ব্যবহার অপরিহার্য। সভায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের আলোকে পর্যটন শিল্পকে আধুনিক ও যুগোপযোগী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সম্পর্কিত- প্যারাসেইলিং
0%
0%
0%
0%