শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের মূল কারিগর। সোমবার বিকেলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে তিনি আগামী প্রজন্মের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী উপস্থিত খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ গঠনের মহৎ কাজ সরকার শুরু করলেও এর ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে আজকের শিশু-কিশোরদেরই। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, গ্যালারিতে উপস্থিত এই অগণিত শিশুর মধ্য থেকেই ভবিষ্যতে একঝাঁক দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উঠে আসবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবে।
পরিবেশ রক্ষায় শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে নিজেদের দায়িত্বশীল হতে হবে। তিনি রাস্তাঘাটে বা জলাশয়ে ময়লা-আবর্জনা না ফেলার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। এছাড়া প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো এবং পশুপাখির প্রতি সদয় হওয়ার মানসিকতা সৃষ্টির ওপরও তিনি জোরারোপ করেন।
শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পড়ালেখা, খেলাধুলা কিংবা সৃজনশীল চর্চার প্রতিটি ক্ষেত্রে শিশুদের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, শিশুরা যে বিষয়েই নিজেদের বিকশিত করতে চায়, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে পাশে থাকবে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সংবাদের ভিড়ে যেন শিশুদের এই অর্জন ও সাফল্যকে অবহেলা করা না হয়। তিনি আগামীকালের সংবাদপত্রে ও ইলেকট্রনিক মিডিয়ায় শিশুদের এই ক্রীড়া উৎসব ও তাদের সাফল্যের কাহিনীকে প্রধান সংবাদ বা ‘লিড নিউজ’ হিসেবে প্রচার করার আহ্বান জানান, যাতে আজকের শিশুরা তাদের এই ছোট ছোট জয়ের মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে।