AdvertisementAdvertisement

শিক্ষকদের বদলি তদবিরে অতিষ্ঠ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ক্রমাগত তদবির ও চাপের মুখে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকদের এমন উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়, যার ফলে স্বয়ং মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পক্ষে নিজ নিজ অফিস কক্ষে প্রবেশ করাই দুরূহ হয়ে পড়ে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ নিশ্চিতকরণের লক্ষে ঢাকা জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

শিক্ষকদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যায় ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সিংহভাগ শিক্ষকই নিয়মবহির্ভূতভাবে ঢাকায় বদলি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। শিক্ষকদের এই মানসিকতা দেখে মনে হয়, যেন দেশের সব প্রাথমিক বিদ্যালয় কেবল ঢাকা শহরেই অবস্থিত। এই বিশৃঙ্খলা রোধ করতেই বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে ন্যস্ত করা হয়েছে।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখা যাবে না। তৃণমূল পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অধিকতর দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর মেধাবী প্রজন্ম গড়তে শিক্ষার ভিত মজবুত করার বিকল্প নেই।

Advertisement
বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। সভায় শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নানাবিধ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত- শিক্ষকদের বদলি
0%
0%
0%
0%