স্লুইস গেট ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এখন থেকে স্লুইস গেট পরিচালনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হবে। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, উপকূলীয় জনপদ রক্ষায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। তবে দৈনন্দিন ব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডের সীমাবদ্ধতার কারণে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই পদ্ধতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের সমন্বয়ে স্লুইস গেট পরিচালনা করা হবে। সালাহউদ্দিন আহমদ জানান, স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হলে জলাবদ্ধতা নিরসন এবং লবণাক্ত পানি প্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখা যাবে। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০০টি গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই দর্শনকে ধারণ করেই সরকার দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের পুনর্বাসনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ সহায়তার পাশাপাশি ভেঙে পড়া স্কুল, কলেজ ও অবকাঠামো দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। এর আগে শুক্রবার দুই দিনের সফরের প্রথম দিনে তিনি চকরিয়া উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ সম্পন্ন করেন।

0%
0%
0%
0%